শিশু হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ৫১
পটুয়াখালীর গলাচিপায় শিশু সানজিদা আক্তার তুম্পা হত্যা মামলায় একমাত্র আসামি আতিকুল ইসলাম আকনকে (২৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এ রায় দেন। এ সময় আতিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কমল দত্ত জানান, ২০১৩ সালের ২২ জুন রাত ৯টার দিকে গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার বাসিন্দা হুমায়ুন কবিরের তিন বছর বয়সী মেয়ে তুম্পাকে অপহরণ করা হয়। অপহরণের এক দিনের মাথায় আতিকুল ইসলাম আকন পরিচয় গোপন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তুম্পার পরিবার থেকে মুক্তিপণ দেয়া হলেও অপহরণকারীরা তুম্পাকে ফেরত দেয়নি। ২৫ জুন অপহরণকারীদের তথ্য অনুযায়ী তুম্পার মৃতদেহ উদ্ধার করা হয়। ২৭ তুম্পার বাবা হুমায়ুন কবির বাদী হয়ে গলাচিপা থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।
পরে পুলিশ বাদীর ফুফাতো ভাই (নিহত শিশুর চাচা) আতিকুল ইসলাম ও মনিরুল ইসলামকে আটক করে জেলে পাঠায়। ২৫ নভেম্বর মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ শুধু আতিকুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২১ জন সাক্ষীর মধ্য ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

