ঝিনাইদহের নবগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান শুরু
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ৪২
ঝিনাইদহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার (০৩ মার্চ) সকালে শহরের চাকলাপাড়ায় এ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
তিনি জানান, নদীর জরিপের কাজ শেষ করে মহিষাকুন্ডু ব্রিজ এলাকা থেকে পবহাটি ব্রিজ পর্যন্ত ৭৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে এগুলো সরিয়ে নেয়ার নোটিশ দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরে অনেকে স্বেচ্ছায় সড়িয়ে নিয়েছে। আর যারা সরাননি তাদের স্থাপনা উচ্ছেদে এ অভিযান শুরু হয়েছে। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান তিনি।
জেলা প্রশাসন ও পাউবোর যৌথ উদ্যোগে মহিষাকুন্ডু ব্রিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। এ সময় গুড়িয়ে দেয়া হয় নদী পাড়ের অবৈধ টিন, আধা-পাকা ও দ্বিতল ভবন। এ সময় অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজাসহ পাউবোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

