চার আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৯ঃ২১
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দেশীয় তৈরি চারটি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ডাকাতের বিরুদ্ধে অর্ধ-ডজনের বেশি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় অভিযান চালানো হয় বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (ওসি) মো. হাবিবুর রহমান।
গ্রেপ্তার মোহাম্মদ ফারুক (২৮) ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী এলাকার শহর মুল্লুকের ছেলে। পুলিশ জানান, ফারুক আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। হত্যা, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে চকরিয়া থানায় ছয়টি বেশি মামলা রয়েছে।
ওসি হাবিবুর রহমান বলেন, ভোরে উচিতার বিল এলাকায় পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মোহাম্মদ ফারুক অবস্থান করছেন- এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাতি ও হত্যাসহ নানা অপরাধে ব্যবহৃত অস্ত্র মজুদ থাকার তথ্য স্বীকার করেন ফারুক। তার স্বীকারোক্তিমতে, ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী এলাকায় তার বাড়ির পাশে ঝোপের নিচ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক এবং বাড়ির অদূরে মাটি খুঁড়ে তিনটি বন্দুক উদ্ধার করা হয় ফারুকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।

