গোপালগঞ্জে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৯ঃ১৯
গোপালগঞ্জে গোলাম মাওলা রনি (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে শহরতলীর ফকিরকান্দি লেকপাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গোলাম মাওলা রনি সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মান্নান কাজির ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে গোলাম মাওলা রনির খালাতো ভাই সাদেক ও একই এলাকার আলামিন নামে দুই যুবক মোবাইলে ফোনে তাকে বাড়ি থেকে ডেকে নেয়।
পরে দুপুরে স্থানীয়রা রনিকে রক্তাক্ত অবস্থায় ফকিরকান্দি লেকপাড়ে পড়ে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, নিহত রনির বিরুদ্ধে সদর থানায় মাদক, চুরি ও মারামারি সংশ্লিষ্ট মোট ১০টি মামলা রয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই মনির কাজী বলেন, আমার খালাতো ভাই সাদেক মোবাইল ফোনে রনিকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে ফাঁকা জায়গায় নিয়ে ১০ থেকে ১২ জন মিলে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা আমার জানা নেই।

