রাজবাড়ী পরিষ্কার রাখতে বিশেষ অভিযান
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৯ঃ৪১
মুজিব বর্ষ উপলক্ষে রাজবাড়ী পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী এ অভিযানের উদ্বোধন করেন। অভিযানের প্রতিপাদ্য ‘এ শহর আমার আপনার, এ শহর পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দ্বায়িত্বও আমাদের’।
মেয়রের নেতৃত্বে শহরের ১ নম্বর রেলগেট থেকে পাট বাজার পর্যন্ত সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। অভিযানে পৌর সচিব আব্দুল্লাহ আল মামুন, প্যানেল মেয়র শেখর চক্রবর্তী, পৌর ২ নম্বর ওয়ার্ড কমিশনার এএফএম শাজাহান, ৯ নম্বর ওয়ার্ড কমিশনার মজনুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।
মহম্মদ আলী চৌধুরী জানান, মুজিব বর্ষ উপলক্ষে তারা পৌর এলাকা পরিষ্কার রাখতে বিশেষ অভিযান শুরু করেছেন। পর্যায়ক্রমে প্রতিদিন পৌর এলাকার যেকোনো এলাকা পরিষ্কার করবেন। ব্যবসায়ীরা তাদের ঘর পরিষ্কার করে রাতে ময়লা বাইরে নির্দিষ্ট স্থানে ফেলবেন। আর সকালে পরিচ্ছন্নকর্মীরা তা পরিষ্কার করবেন। এছাড়া ব্যবসায়ী বা মুদি দোকানিরা দিনের বেলায় রাস্তায় কোনো ময়লা না ফেলে নির্ধারিত স্থান বা ঝুড়িতে ফেলার জন্য অনুরোধ জানান মেয়র।

