দুই শত বছরের পুরনো ৩২টি রৌপ্যমুদ্রা উদ্ধার
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ২২
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করতেই বেরিয়ে এলো দুই শত বছরের পুরনো ৩২টি রৌপ্য মুদ্রা। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. হাসিবুল আলম।
তিনি বলেন, ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাবুল মৃধার বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খনন কাজ করছিলেন চার শ্রমিক। খননের এক পর্যায়ে মাটির নিচ থেকে রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা বেরিয়ে আসলে শ্রমিকরা সেগুলো ভাগভাগি করে নিয়ে যায়।
পরবর্তীতে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করতে থাকলে পুলিশ বিষয়টি জানতে পারে। গতকাল বুধবার (০৪ মার্চ) রাতে শ্রমিকদের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মুদ্রাগুলো ১৮০০ খ্রিষ্টাব্দের। এগুলোর মধ্যে তিনটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি’ ও ২৯টির গায়ে ‘ওয়ান রুপি ইন্ডিয়া’ লেখা রয়েছে। উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্মতাত্ত্বিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ সুপার।

