হোয়াইট হাউসের স্বীকার, করোনাভাইরাস শনাক্তে উপকরণ ঘাটতি

হোয়াইট হাউসের স্বীকার, করোনাভাইরাস শনাক্তে উপকরণ ঘাটতি

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৩০

করোনাভাইরাস শনাক্তে যুক্তরাষ্ট্রের হাতে প্রয়োজনীয় সংখ্যক উপকরণ নেই বলে স্বীকার করেছে হোয়াইট হাউস। দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত কভিড-১৯ এ ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে ছড়াতে শুরু করা নভেল করোনাভাইরাস ইতোমধ্যে ৮৫টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে। বিশ্বজুড়ে অন্তত ৯৭ হাজার ৮৫২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮৩ জনের।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে আগেই পৌঁছেছে করোনাভাইরাস। বৃহস্পতিবার ভুটানেও এক মার্কিন পর্যটকের দেহে কভিড-১৯ এর উপস্থিতি পাওয়ার কথা জানা গেছে।

আক্রান্ত-মৃত্যুর বেশিরভাগই চীনের হলেও সম্প্রতি ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে ভাইরাসটির বিস্তার বিশ্বজুড়ে ‍উদ্বেগ বাড়িয়েছে। সুরক্ষা উপকরণ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভাবাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যে দুই শতাধিক মানুষের দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে।ভাইরাস শনাক্তে চলতি সপ্তাহে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ট্রাম্প প্রশাসন ১০ লাখ পরীক্ষা কিট পাঠানোর লক্ষ্য ঠিক করলেও তা পূরণ করতে পারছে না বলে বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস অবশ্য অবিশ্বাস্য দ্রুতগতিতে ভাইরাসটির প্রাদুর্ভাব মোকাবেলায় একটি জরুরি তহবিলের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ফ্লোরিডাভিত্তিক কার্নিভাল শিপিং কোম্পানির একটি প্রমোদতরীকেও ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। নৌযানটির যাত্রীদের পরীক্ষা চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading