বাজারে হুয়াওয়ের মেট ৩০ প্রো
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ২২
দেশের বাজারে পাওয়া যাচ্ছে হুয়াওয়ের আলোচিত সুপার ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের ফোনটির বাজার মূল্য ধরা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। মেট ৩০ প্রো’তে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এবং ওএলইডি হরিজন ডিসপ্লে। ফ্ল্যাগশিপ এ স্মার্টফোনটি আইপি (ইনগ্রেস প্রটেকশন) ৬৮ সার্টিফায়েড। ফলে ধুলা, ময়লা ও বালুরোধী ফোনটি প্রায় পাঁচ ফুট পানির নিচেও সুরক্ষিত থাকবে।
বিশ্বে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে ফোনটির উন্নতমানের ক্যামেরা। ডিএক্সও মার্ক র্যাংকিংয়ে ১৩২ ফটো স্কোর নিয়ে র্যাংকিংয়ে উপরের দিকে রয়েছে মেট ৩০ প্রো। ফোনটির পেছনে চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৪০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। এ ক্যামেরা দুটির একটি সুপার-সেনসিং ও অপরটি সিনে ক্যামেরা। সুপার-সেনসিং ক্যামেরা ব্যবহারের ফলে রাত ও দিনের যেকোনো ছবিতেই নিঁখুত প্রতিচ্ছবি পাওয়া যাবে। এ দুটি ক্যামেরা ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও একটি থ্রিডি ডেপথ সেন্সর। পাওয়া যাবে ৩০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমিং সুবিধা। আরো থাকবে ৩ গুণ অপটিক্যাল জুম ও ৫ গুণ হাইব্রিড জুম।
ফোনটির সামনে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সলের একটি ক্যামেরা, একটি থ্রিডি ডেপথ সেন্সর ক্যামেরা ও একটি সুইং জেসচার ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ভিত্তিতে তৈরি ইএমইউআই ১০ সফটওয়্যারে চলবে মেট ৩০ প্রো। ব্ল্যাক ও স্পেস সিলভার এ দুটি কালারের ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। আর ৪০ ওয়াটের সুপারচার্জ সুবিধা থাকায় খুবই অল্প সময়ে দ্রুত চার্জ করা যাবে।

