ঝটপট ফ্রিজ পরিষ্কার করবেন যেভাবে

ঝটপট ফ্রিজ পরিষ্কার করবেন যেভাবে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, আপডেট ০৭:০০

কোরবানির মাংস সংরক্ষণে ঈদের সময় সবচেয়ে বেশি ব্যবহার হয় ফ্রিজ। তাই ঈদের আগেই ফ্রিজ পরিষ্কার ও প্রস্তুত করে রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন মাছ-মাংস সংরক্ষণের কারণে ফ্রিজে রক্তের দাগ, দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া জমে থাকতে পারে। আবার অতিরিক্ত বরফ জমে জায়গাও কমে যায়। কিছু সহজ নিয়ম মেনে ফ্রিজ পরিষ্কার করলে ঈদের ব্যস্ততার সময় অনেক ঝামেলা এড়ানো সম্ভব।

নির্দিষ্ট সময় বেছে নিন
ফ্রিজ পরিষ্কার করতে সময় লাগে। তাই ঈদের ব্যস্ততা শুরুর আগেই একটি দিন নির্ধারণ করুন। প্রথমে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন। এরপর ভেতরে থাকা খাবার অন্য কোনো নিরাপদ ঠান্ডা স্থানে সরিয়ে রাখুন। দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করলে জমে থাকা বরফ গলে আসবে।

তাক ও ড্রয়ার আলাদা করে ধুয়ে নিন
ফ্রিজের বরফ গলে গেলে তাক ও ড্রয়ারগুলো খুলে বের করুন। খুব ঠান্ডা অবস্থায় সরাসরি গরম পানিতে দিলে ফেটে যেতে পারে। তাই কুসুম গরম পানিতে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে নরম স্পঞ্জ দিয়ে ধুয়ে নিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বাতাসে শুকাতে দিন।

ভেতরের অংশ পরিষ্কার করার উপায়
ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করতে বেকিং সোডা কার্যকর। এক কাপ বেকিং সোডার সঙ্গে সাত কাপ পানি মিশিয়ে নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে ফ্রিজের ভেতরের দেয়াল ও কোণাগুলো মুছে নিন। দুর্গম অংশ পরিষ্কারে পুরোনো টুথব্রাশ ব্যবহার করা যেতে পারে। শেষে শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।

বাইরের অংশ ও রাবার পরিষ্কার করুন
ফ্রিজের বাইরের অংশে হাতের দাগ ও ময়লা সহজেই জমে। ভিনেগার মেশানো পানি বা অল পারপাস ক্লিনজার দিয়ে বাইরের অংশ মুছে নিন। একই সঙ্গে দরজার রাবারের ভাঁজও পরিষ্কার করুন। সেখানে ময়লা জমে দুর্গন্ধ বা পোকামাকড়ের সমস্যা হতে পারে।

ফ্রিজ পুরোপুরি ঠান্ডা হলে খাবার রাখুন
পরিষ্কার শেষে ফ্রিজ চালু করুন। ভেতরের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে খাবার আবার ভেতরে রাখুন। ড্রয়ারের নিচে মোটা কাগজ বা পুরোনো ক্যালেন্ডারের পাতা বিছিয়ে রাখলে ভবিষ্যতে পরিষ্কার করা সহজ হবে।

দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে এক কোণে বেকিং সোডা রেখে দিতে পারেন। শুকনো ওটমিল বা কফির গুঁড়োও গন্ধ শোষণে সাহায্য করে। এছাড়া তুলোর বল ভ্যানিলা এসেন্সে ভিজিয়ে রাখলে ফ্রিজে সুগন্ধ থাকবে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, কোরবানির মাংস সংরক্ষণে এয়ারটাইট বা জিপলক প্যাকেট ব্যবহার করা ভালো। এতে মাংস দীর্ঘদিন ভালো থাকে এবং ফ্রিজে দুর্গন্ধও কম হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading