#মিটু আন্দোলনের সফলতা, হার্ভের ২৩ বছরের কারাদণ্ড
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৩৪
২০১৭ সালের শেষ দিকে হলিউডে মাথাচড়া দিয়ে দাড়ায় #মিটু আন্দোলন। যার সূত্রপাতটা হয় হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের মাধ্যমে। ২ বছর পর #মিটু আন্দোলনের সফলতা আলে। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক নারীকে যৌন হেনস্থা ও ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চিত্রপ্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার (১১ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের বিচারক জেমস বার্কের আদালত হার্ভেকে নিউ ইউর্ক স্টেট কারাগারে ২৩ বছর কাটানোর নির্দেশ দেন। রায় ঘোষণার আগে বিচারক ওয়েনস্টেইনকে বলেন, তার নাম আনুষ্ঠানিকভাবেই যৌননিগ্রহকারী হিসেবে লিখিত হবে। গত ২৪ ফেব্রুয়ারি আদালতে ধর্ষণ মামলায় ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।
এই রায়ের মধ্য দিযে নিউ ইয়র্কে ওয়েনস্টেইনের বিচার শেষ হলো। এটি শুরু হয়েছিল চলতি বছরের ৬ জানুয়ারি।
ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০০৬ সালে অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণ এবং ২০১৩ সালে প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন করেছেন।
ওয়েনস্টেইনের এই অপকর্মের প্রতিবাদ জানিয়েই প্রথম শুরু হয়েছিল #মিটু আন্দোলন। এটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয়। একের পর এক অনেক নামজাদা ব্যক্তির মুখোশ উন্মোচন করেন অনেক অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গণের নারীরা।

