করোনা নিয়ে গুজব, ঘুম হারাম আলফাডাঙ্গাবাসীর!
উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৫৭
অমুক জিনিস খেলে বা পান করলে মরণঘাতি করোনাভাইরাস থেকে মুক্তি মিলবে- এমন তথ্য পেলেই তা যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে অনেকে। এমনই এক গুজবে রাতের ঘুম হারাম হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গাবাসীর। একজন কথিত পীর সাহেব স্বপ্ন দেখেছেন- এমন গুজবের ওপর ভিত্তি করে তথ্য রটে যায়, থানকুনি পাতা খেলে করোনাভাইরাস আর সংক্রমিত করতে পারবে না। মিলবে মুক্তি।
এই গুজবে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে রাতের আঁধারে থানকুনি পাতা সংগ্রহে নেমেছেন বহু মানুষ। ইতোমধ্যে অনেকে সে পাতা চিবিয়ে খেয়েছেনও। তাদের বিশ্বাস, পীর সাহেবকে স্বপ্নে বলে দেয়া এই থানকুনি পাতাই করোনাভাইরাসের উত্তম প্রতিষেধক। জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়েছে এই গুজব। এ নিয়ে অনেকে ফেসবুকে পোস্টও দিচ্ছেন। কেউ কেউ থানকুনি পাতা সংগ্রহ করতে পেরেছেন জানিয়ে ছবিও পোস্ট করেছেন। কেউ কেউ আবার বন্ধুবান্ধব ও স্বজনদের ফোন করে জরুরি ভিত্তিতে থানকুনি পাতা সংগ্রহের তাগিদ দিচ্ছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, একজন পীর স্বপ্নে দেখেছেন যে, তিনটি থানকুনি পাতা আর একগ্লাস পানি খেলে করোনাভাইরাস ছুঁতেও পারবে না। আর এই রাতের মধ্যেই পাতা তিনটি খেতে হবে। তবে এমন গুজব কানে তোলেননি স্থানীয় অনেকেই। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ধরনের গুজবে কান না দিতে তারা পরামর্শ দিয়েছেন। তাদের বক্তব্য, এমন গুজবের উৎপত্তি কোথায় তা কেউই জানে না। কোনো পীর স্বপ্ন দেখেছেন বলেও তারা শোনেননি।

