করোনায় আক্রান্ত আলাভেসের ১৫ জন
উত্তরদক্ষিণ । ১৯ মার্চ ২০২০ । আপডেট ০৩: ৪৫
ভ্যালেন্সিয়া ও এসপানিওলের পর লা লিগার তৃতীয় ক্লাব হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করলো আলাভেস। তাদের ১৫ জনের মাঝে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এর মধ্যে মূল দলের খেলোয়াড় ৩ জন। বাকিরা কোচিং স্টাফ ও কর্মচারী।
লা লিগা স্থগিত হওয়ার পর এই সপ্তাহে ক্লাবের প্রত্যেকের কভিড-১৯ পরীক্ষা শুরু করে আলাভেস। গত শনিবার দুজন কোচিং স্টাফের আক্রান্তের খবর শোনা গিয়েছিল। কদিনের ব্যবধানে তা আরও বেড়ে গেলো।
গত ৬ মার্চ লা লিগায় আলাভেস হোম ম্যাচ খেলেছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে, যাদের ৩৫ শতাংশ করোনায় আক্রান্ত।
ওই ম্যাচের পর থেকেই ঝুঁকিতে ছিল আলাভেস। সর্বশেষ নিশ্চিত হলো, তাদের ওপরও পড়েছে করোনার ভয়ঙ্কর থাবা। মূল স্কোয়াডের তিন খেলোয়াড়সহ ৭ জন কোচিং স্টাফ ও বাস্কেটবল দলের ৩ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
ক্লাব বিবৃতিতে জানিয়েছে, ‘করোনায় আক্রান্তদের মাঝে এখনও কোনো উপসর্গ দেখা যায়নি এবং প্রত্যেকে ভালো আছেন।’

