করোনা ভাইরাস: এইচএসসি পরীক্ষা স্থগিত
উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৫: ২৪
আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত করা হয়েছে এ পরীক্ষা। আজ (২২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানন, আগামী এপ্রিল মাসের প্রথম দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে বলে।
ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সভা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির ওই সভায় এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
এইচএসসির ঢাকা বোর্ডের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন, তাদের নিয়ে গত ১৬ মার্চ শিক্ষা বোর্ডে মতবিনিময় সভা করার থাকলেও তা স্থগিত করা হয়েছে, এখনও ওই সভা হয়নি।
শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত বুধবার (১৮ মার্চ) এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইন-শৃঙ্খলা কমিটির সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

