পটুয়াখালীতে বিদেশ ফেরত ৮৩৪৪, কোয়ারেন্টাইনে ২৫৬৭ জন
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৯ঃ০৩
পটুয়াখালীতে গত তিন মাসে বিদেশ থেকে ফিরেছেন ৮ হাজার ৩৪৪ জন। এদের মধ্যে মাত্র ২ হাজার ৫৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ৫ হাজার ৭৭৭ জন লাপাত্তা। তবে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানিয়েছেন, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসক জানিয়েছেন, পটুয়াখালীতে দুটি বাড়ি ‘কোয়ারেন্টিন’ ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে (২২ মার্চ) জেলা প্রশাসন বাড়ি দুটি কোয়ারেন্টিন ঘোষণা করে এবং করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে এমন সন্দেহে ওই বাড়ি দুটি থেকে দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মতিউল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন মাদারীপুর এলাকা থেকে এসেছেন। অপরজন বিদেশফেরত এক নারী।
সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত তিন মাসে তিন ধাপে পটুয়াখালীতে বিদেশ থেকে এসেছেন মোট ৮ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ২ হাজার ৫৬৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধান চলছে। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, এ পর্যন্ত পটুয়াখালী জেলায় মোট ২ হাজার ১৬৫ জন হোম কোয়ারেন্টিনে আছেন। ৪০২ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। হোম কোয়ারেন্টিন না মানায় ইতিমধ্যে বিদেশফেরত তিনজনকে শাস্তির আওতায় এনে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে বিদেশ ফেরত অধিকসংখ্যক ব্যক্তিদের জন্য এখনও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে না পারায় পটুয়াখালীতে করোনাভাইরাস ব্যাপক হারে বিস্তারের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি বলেন, প্রায় ৬ হাজার বিদেশ ফেরত ব্যক্তি জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়ানোর যে তথ্য মিলেছে, তা করোনা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

