আকিজের হাসপাতালের কাজ ফের শুরু

আকিজের হাসপাতালের কাজ ফের শুরু

উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১২:২৫

স্থানীয়দের বাধার মুখে বন্ধ হওয়ার একদিন পর রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপের অস্থায়ী হাসপাতালের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র ও আকিজ গ্রুপ যৌথভাবে হাসপাতালটি নির্মাণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মধ্যস্থতায় স্থানীয়দের সঙ্গে সমঝোতার পর রবিবার (২৯ মার্চ) সকাল থেকে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়।

রবিবার তেজগাঁও থানার ওসি মো. আলী হোসেন বলেন, শনিবারের ভুল বুঝাবুঝির পর রাতেই সিদ্ধান্ত হয় যে, এটা মহৎ উদ্যোগ। এখানে অস্থায়ী ভিত্তিতে হাসপাতাল নির্মাণ হবে। ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল মোতায়েন আছে। সেখানে এখন কোনো ঝামেলা নাই।

লায়লা অনজুম নামে এলাকার এক বাসিন্দা বলেন, আকিজ গ্রুপ যে এখানে হাসপাতাল করবে তা স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন কেউই জানে না। তাই বিষয়টি নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছে।

চলতি বছরের শুরুতে চীনের উহান শহরে প্রথম ধরা পড়া অতি ছোঁয়াছে নভেল করোনাভাইরাস ইতোমধ্যেই বিশ্বের বড় বড় শহরগুলোকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। উহান শহরেই দ্রুত চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসাবে মাত্র ছয় দিনে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল চীন। সেই ধারণা থেকেই ঢাকায় দ্রুত একটি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা বলেছিল আকিজ গ্রুপ। কিন্তু হাসপাতাল হলে করোনাভাইরাসের ঝুঁকিতে পড়বেন এমন আশঙ্কা থেকে শনিবার দুপুরে এলাকাবাসী তেজগাঁওয়ের শান্তা টাওয়ারের পাশে আকিজের জমিতে নির্মাণাধীন ওই প্রকল্পে গিয়ে বাধা দেয়। দুই শতাধিক লোক আকিজের ওই স্থাপনায় গিয়ে নিরাপত্তাকর্মী ও নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করে এবং বলাকা মোড়ে বিক্ষোভ দেখায়। এতে নিরাপত্তাকর্মী ও নির্মাণ শ্রমিকসহ তিনজন আহত হন বলে জানা গেছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান মেলে। মাত্র ২২ দিনের মাথায় বাংলাদেশে ৪৮ জনের মধ্যে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছে আইইডিসিআর। মৃত্যু হয়েছে পাঁচজনের। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৫ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading