২৫ বছর ইন্ডিয়াতেই ছিলেন মাজেদ, কী বলছে গোয়েন্দারা?
উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৬:১০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ গত ২৫ বছর ধরে ইন্ডিয়াতেই ছিলেন। করোনাভাইরাস আতঙ্কে সেখান থেকে গত ২৬ মার্চ ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। দেশে ফেরার গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন আবদুল মাজেদকে গ্রেপ্তারের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা দীর্ঘদিন দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার জন্য অপেক্ষায় ছিলাম। তাদেরই একজন ক্যাপ্টেন আবদুল মাজেদ আমাদের পুলিশের কাছে ধরা পড়েছে। আমরা কিছুক্ষণ আগে তাকে আদালতে সোপর্দ করেছি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ তিনি বলেন, ‘তার স্ত্রী সালেহা বেগম। বাড়ি নম্বর ১০/এ, রোড নম্বর ১, ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা। তিনি সেখানে বসবাস করতেন। আমাদের গোয়েন্দাদের কাছে তার সব তথ্য ছিল।’
অপরদিকে, সিটিটিসি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আবদুল মাজেদ নিজেকে আবদুল মজিদ পরিচয় নিয়ে আত্মগোপনে ছিলেন। এর আগে লিবিয়া ও পাকিস্তানে আত্মগোপনে ছিলেন তিনি।
নব্বই দশকের মাঝামাঝি সময়ে আবদুল মাজেদ প্রথমে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালিয়ে যান বলে জানিয়েছে গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্র। সূত্র বলছে, ইন্ডিয়া থেকে পরে পালিয়ে তিনি যান লিবিয়ায়। সেখান থেকে যান পাকিস্তানে। লিবিয়া ও পাকিস্তানে সুবিধা করতে না পেরে আবারও ইন্ডিয়ায় ফেরেন ক্যাপ্টেন মাজেদ। বিভিন্ন রাজ্যে অবস্থান করার পর গত ৩-৪ বছর ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি। দীর্ঘদিন কলকাতায় অবস্থান করার সময় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ তেমন কিছু করতেন না। বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগযোগ ছিল তার। করোনাভাইরাস আতঙ্কে গত ২৬ মার্চ ময়মনসিংহের সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর মিরপুর ডিওএইচএস-এর এক নম্বর সড়কের ১০/এ বাসায় ওঠেন।
সিটিটিসির উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, আবদুল মাজেদ বাংলাদেশে প্রবেশ করেছেন। এরপর আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।’
বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি আবদুল মাজেদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘আমরা আসামির পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে আটক করে আদালতে পাঠিয়েছি।’
ক্যাপ্টেন মাজেদকে গ্রেপ্তারের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও বার্তায় বলেন, ‘আমরা দীর্ঘদিন দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকর করার জন্য অপেক্ষায় ছিলাম। তাদেরই একজন ক্যাপ্টেন আবদুল মাজেদ আমাদের পুলিশের কাছে ধরা পড়েছে। আমরা কিছুক্ষণ আগে তাকে আদালতে সোপর্দ করেছি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার স্ত্রী সালেহা বেগম। বাড়ি নম্বর ১০/এ, রোড নম্বর ০১, ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা। তিনি সেখানে বসবাস করতেন। আমাদের গোয়েন্দাদের কাছে তার সব তথ্য ছিল।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের সময় দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদ, নূর ও রিসালদার মোসলেহউদ্দিন এই তিন জনের অবস্থান ছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল। মাজেদ তখন লেফটেন্যান্ট ছিলেন। এই খুনি শুধু বঙ্গবন্ধুর খুনেই অংশগ্রহণ করেননি, তিনি জেলহত্যায়ও অংশ নিয়েছিলেন।’ তিনি বলেন, ‘এরপর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে ১৯৯৭ সালে। তার আগেই তিনি আত্মগোপন করেন। আমাদের গোয়েন্দাদের তৎপরতা ছিল তাকে ধরার জন্য। গোয়েন্দা বাহিনী এবং যারা যারা তাকে গ্রেফতারের কাজে ছিল, তারা সবাই ভালো কাজ করেছে বলে আমি মনে করি।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘খুনের পরেই তিনি প্রয়াত জিয়াউর রহমানের নির্দেশ মোতাবেক বঙ্গভবনসহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আমরা আশা করি, আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী তার দণ্ডাদেশ কার্যকর করতে পারবো। তাকে গ্রেপ্তারে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মনে করি, মুজিববর্ষের একটা শ্রেষ্ঠ উপহার আমরা দেশবাসীকে দিতে পেরেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের তৎকালীন জিয়াউর রহমানের সরকার বিচারের বদলে তাদের নানাভাবে পুরস্কৃত করেছে। ইনডেমনিটি বিলের মাধ্যমে তাদের যাতে বিচার না হয় সে ব্যবস্থাটি পাকাপোক্ত করেছে। এই খুনিকে আমরা দেখেছি সেই সরকারের আশীর্বাদে বিভিন্ন দূতাবাসে চাকরিরত অবস্থায়। বিভিন্ন অবস্থায় তিনি দেশে এবং বিদেশে চাকরিরত অবস্থায় ছিলেন। এরপরে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে ১৯৯৭ সালে, তার আগেই তিনি আত্মগোপন করেন। আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল তাকে ধরার জন্য। গোয়েন্দা বাহিনী এবং যারা যারা তাকে গ্রেফতারের কাজে ছিল, তারা সবাই ভালো কাজ করেছে বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘অন্য যেসব খুনি যেখানে যেখানে আছে, তাদের ফিরিয়ে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঝে মাঝে বিস্ময়ে হতবাক হই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে না ফিরতেন তাহলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার কোন পর্যায়ে যেত। তিনি দেশে ফিরে এসে দৃঢ়তার সঙ্গে হাল ধরেছিলেন বাংলাদেশের। শুধু বাংলাদেশকেই তিনি পাল্টে দেননি, তিনি বঙ্গবন্ধুর খুনিদের ও জেলহত্যার আসামিদের পর্যায়ক্রমে ধরে নিয়ে আসছেন এবং আনছেন। তাদের বিচার সম্পন্ন হয়েছে। আমরা যে কালিমালিপ্ত ছিলাম, সেটাও মুছে গিয়েছে। তাই আজ আমরা মাথা উঁচু করে বলতে পারবো, বঙ্গবন্ধুর খুনিদের শুধু বিচার হয়নি, তাদের দণ্ডাদেশ কার্যকর হচ্ছে।’

