সালমান এফ রহমানের পরামর্শে দোহার-নবাবগঞ্জ লকডাউন
উত্তরদক্ষিণ অনলাইন ০৯ এপ্রিল ২০২০। ১৫.০০
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পরামর্শে নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে ও জনগণকে নিরাপদ রাখতে তার নির্বাচনী এলাকাকে লকডাউন করা হয়েছে । প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার এ পরামর্শের পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে আংশিক লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দিন মনজু বলেন, পাশের উপজেলা কেরানীগঞ্জে কয়েকজন করোনা (কভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। রাজধানী ঢাকাতেও কভিড-১৯ রোগীর সংখ্যা বাড়ছে। সেকারণে বাহিরের কেউ যাতে কাল থেকে নবাবগঞ্জে অবাধে প্রবেশ করতে না পারে সেজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট বসানো হবে। একই সাথে পণ্যবাহী যান ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল থাকবে সীমিত। প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি’র নির্দেশে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, যেহেতু ঢাকা শহর ও কেরানীগঞ্জে করোনা রোগী বাড়ছে, সেহেতু দোহার ও নবাবগঞ্জের মানুষকে নিরাপদ রাখতে বিষয়টি নিয়ে স্থানীয় এমপি, ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেছেন। পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে আংশিক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে যান ও মানুষ চলাচল সীমিত করা হবে। এদিকে, দোহার থানার অফিসার (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বুধবার স্থানীয় এমপি সাহেব ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান ও ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার আলাপ করে দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের স্বার্থে সমন্বিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। একইসাথে দোহার ও নবাবগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগও অনেকটা বিচ্ছিন্ন থাকবে। সাজ্জাদ হোসেন বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে কাল বৃহস্পতিবার থেকে আংশিক লকডাউনের সিদ্ধান্ত কার্যকর করবে পুলিশ। তিনি জানান, দোহারের নয়টি ছোট ছোট সড়ক দিয়ে যান চলাচল একেবারে বন্ধ থাকবে। শুধুমাত্র ঢাকা-দোহার সড়কের ফুলতলা, পালামগঞ্জ ও নিকড়া সড়ক দিয়ে পণ্যবাহী যান চলাচল অব্যাহত থাকবে।

