`সুস্থ হচ্ছেন’ বরিস, বৃটেনে মৃত্যুর নতুন রেকর্ড!
উত্তরদক্ষিণ ১১ এপ্রিল ২০২০ । ১৭:৪০
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার (১০ এপ্রিল) হাসপাতালে হেঁটেছেন। কোভিড- ১৯ এর চিকিৎসা নিয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিট ত্যাগ করার প্রায় ২৪ ঘণ্টা পরে তিনি সুস্থ হয়ে উঠছেন দ্রুত। এমনটাই দাবি করা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এদিকে করোনাভাইরাস মহামারিতে দেশটিতে প্রথমবারের মতো একদিনে মৃত্যুর সংখ্যা হাজারের ঘর ছুঁই ছু্ঁই করছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের হারও।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, “স্বাস্থ্যের উন্নতির জন্য সেবা গ্রহণের অংশ হিসেবে বিশ্রামের মাঝে প্রধানমন্ত্রী ছোট পদক্ষেপে হাঁটতে সক্ষম হয়ে উঠছেন।” তিনি বলেন, “এই ভয়ংকর রোগে আক্রান্তদের নিয়েও তিনি চিন্তা করছেন।”
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডনের সেন্ট থমাস হসপিটালে ভর্তির তিনদিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিট ত্যাগ করেন।
এদিকে, ব্রিটেনের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, পূর্বের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা দৈনিকের হিসাবে সর্বোচ্চ। এ নিয়ে ব্রিটেনে হাসপাতালগুলোতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯ হাজারে এবং আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে।
অবশ্য শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রিটেনে এ পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৯৫৮ জন। আর মোট আক্রান্ত সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৭৫৮ জনে পৌঁছেছে।

