গাজীপুরে পোশাক শ্রমিকের বিক্ষোভ
উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । আপডেট ১৩:২২
নভেল করোনাভাইরাসের মধ্যে এবার গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটলো। বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। রবিবার (১২ এপ্রিল) সকালে অবরোধের ফলে মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গেলে এবং কর্তৃপক্ষ বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা চলে যায় বলে জানা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঝূঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে গাজীপুর জেলাকে অবরুদ্ধ করা হয়েছে। জেলার বেশিরভাগ কলকারখানাও বন্ধ। তারপরও বিক্ষোভ- অবরোধের মতো ঘটনা ঘটেছে সেখানে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, সদর উপজেলার ভবানীপুরের ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা মার্চের বেতন না দিয়ে ছাঁটাই করার খবরে রবিবার সকাল ৯টার দিকে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে মালিকপক্ষ কাউকে ছাঁটাই না করে ১৬ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।

