নতুন আক্রান্ত ৪, করোনা ছড়িয়েছে ৩৫ জেলায়

নতুন আক্রান্ত ৪, করোনা ছড়িয়েছে ৩৫ জেলায়

উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । আপডেট ১৬:০০

বাংলাদেশে নতুন করে আরও চারটি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেলাগুলো হলো- লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। এ নিয়ে মোট ৩৫টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এর আগে আক্রান্ত জেলাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীসহ ঢাকা জেলা, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, কুমিল্লা, গাইবান্ধা, গাজীপুর, জামালপুর, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, নারায়াণগঞ্জ, নরসিংদী, নিলফামারী, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর, শেরপুর, সিলেট, টাঙ্গাইল, বরগুনা, পটুয়াখলী।

আইইডিসিআর এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এই তথ্য দিয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যক শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে যা মোট শনাক্তের প্রায় ৫০%। আবার ঢাকা বিভাগের নারায়ণগঞ্জসহ অন্যান্য জেলায় শনাক্ত হয়েছেন আরও ৩৫% রোগী।

নতুন যে চার জেলায় সংক্রমণ হয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে আইইসিডিআর দেখতে পেয়েছে যে যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গিয়েছে তারা গত এক সপ্তাহে ঢাকা থেকে বা নারায়নগঞ্জ থেকে ওইসব এলাকায় গিয়েছিলেন। এমন অবস্থায় ভ্রমণ না করার আহ্বান জানান ডা. ফ্লোরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। মৃত্যুর মোট সংখ্যা ৩৪। যে ৪ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুুরুষ, একজন নারী। এরমধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন দুই জন। একজনের বয়স ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে। তাদের মধ্যে দু’জনই ঢাকার বাসিন্দা।

করোনাভাইরাস শনাক্ত হওয়া নতুন ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ, ৪৩ জন নারী। এরমধ্যে ৬২ জন ঢাকার বাসিন্দা। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন তিনজন। এনিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষা হয়েছে ১৩৪০টি। গতকালের কিছু নমুনা পুনরায় পরীক্ষা করা হয়েছে বলে অনলাইন বুলেটিনে জানানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading