আমেরিকায় মরার উপর খাঁড়ার ঘা!

আমেরিকায় মরার উপর খাঁড়ার ঘা!

উত্তরদক্ষিণ ১৪ এপ্রিল ২০২০ । ১৮:৩০

কথায় আছে, ‘মরার উপর খাঁড়ার ঘা’। আমেরিকার পরিস্থিতি এখন ঠিক তেমনই। একদিকে নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত দেশ। তার উপর সেখানে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। চলছে বন্দুকধারীদের হামলার ঘটনাও।

জানা গেছে, আমেরিকায় দফায় দফায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল, রবিবার থেকে শুরু হওয়া ঝড় সোমবার (১৩ এপ্রিল) রাত পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক তাণ্ডব চালায় টর্নেডো। লুজিয়ানা, টেক্সাস ও মিসিসিপি রাজ্যে ছোট-বড় প্রায় ৬০টি টর্নেডো আঘাত হানে। অ্যালাবামা, জর্জিয়া ও ক্যারোলিনার বিভিন্ন অংশে তীব্র বেগে আছড়ে পড়ার পর ঝড়ের গতিমুখ এখন উত্তরপূর্বাঞ্চলের দিকে।

ঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মিসিসিপি অঙ্গরাজ্যে। রাজ্যের ছয়টি অঞ্চলে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ ক্যারোলিনায় ৯ জন, জর্জিয়ায় আট জন, টেনেসিতে তিন জন ও আরকানসাসে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আক্রান্ত এলাকায় বহু ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। অনেক জায়গায় গাছপালা উপড়ে পড়েছে।
স্থানীয় সময় সোমবার সকাল থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর কয়েক লাখ মানুষ। করোনা মোকাবিলায় আগে থেকেই অনেক এলাকা লকডাউনে থাকায় সেসব স্থানে সরকারি আশ্রয়কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। স্কুলের মতো স্থানে আশ্রয় নেওয়া ব্যক্তিদেরও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

বন্দুকযুদ্ধে আহত ৬

অপরদিকে, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসজনিত লকডাউন চলার মধ্যেই একটি আবাসিক ভবনে বন্দুকধারীর হামলায় ৬ জন আহত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বেকারসফিল্ডের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পার্টি চলার সময় এ হামলা হয়। স্থানীয় শেরিফের কার্যালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের প্রকোপের কারণে গত মাস থেকে ক্যালিফোর্নিয়ায় ভ্রমণে কড়াকড়ি জারি রয়েছে। গত ১১ এপ্রিল পর্যন্ত সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৬শ’রও বেশি মানুষের।

এর মধ্যেই শুক্রবার (১০ এপ্রিল) রাতে বেকারসফিল্ডের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পার্টি চলছিলো। হঠাৎই সেখানে গুলি চালায় দুর্বৃত্তরা। স্থানীয় শেরিফ জানিয়েছে, ঘটনার পর পরই চার ব্যক্তিকে গাড়িতে করে পালিয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তারাই হামলাকারী। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ভুক্তভোগীদের কারো অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading