অর্থায়ন বন্ধের সময় এখন নয়: ট্রাম্পকে গুতেরেস
উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১৩:১০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্য যেকোনও মানবিক সংগঠনের কর্যক্রম চালানোর তহবিলের যোগান হ্রাসের সময় এখন না।’
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) এ কথা বলেন গুতেরেস। একইদিন এর আগে চীনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ এনে ট্রাম্প ঘোষণা দেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমেরিকা আর সাহায্য করবে না। সংস্থাটিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। খবর এএফপি’র।
আন্তর্জাতিক গণমাধ্যমটি বলছে, বৈশ্বিক করোনাভাইরাস মোকাবিলায় অব্যবস্থাপনার জন্য জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাকে দেয়া তহবিল আমেরিকা হ্রাস করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দেন। পরে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে বিশ্ব প্রচেষ্টা চালানোর ক্ষেত্রে এ তহবিলের যোগান অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

