মহানগরীতে ভোক্তা অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা
উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১৮:৩৪
আজ বুধবার (১৫ এপ্রিল) ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ শাহরিয়ার , প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক আব্দুল জব্বার, ফামিনা আক্তার, রোজিনা সুলতানা, জান্নাতুল ফেরদৌস’র নেতৃত্বে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এই তদারকিমূলক অভিযান চালানো হয় গুলশান-১-২, বনানী, মহাখালী, রামপুরা, মধুবাগ, ইন্দিরা রোড, পশ্চিম রাজা, পান্থপথ, কৃষি মার্কেট, টাউন হল, কলমি লতা বাজার,কারওয়ান বাজার, শেওড়াপাড়া, শিয়া মসজিদ কাঁচা বাজারে।
ঢাকা মহানগরীতে মোট ১৬ টি বাজারে তদারকি ও সচেতনতামূলক অভিযান চালানো হয়। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে ৭টি প্রতিষ্ঠানকে ৬৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মহানগরের দুইটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয় এবং ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয় সাথে সাথে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য অনুরোধ করা হয়।
এছাড়া সারা বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহের কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে এ তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যে ক্রয়- বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শনের জন্য অনুরোধ করেন। মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রয় করা হতে বিরত থাকতে বলেন এবং টেকসই ভোক্তা ও ব্যবসা বান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চান।

