১৫ মে পর্যন্ত নিউইয়র্ক শাটডাউন: গভর্নর
উত্তরদক্ষিণ ১৭ এপ্রিল ২০২০ । ১১:০৩
নিউইয়র্কের গভর্নর অ্যান্ডু কোমো আগামী ১৫ মে পর্যন্ত মার্কিন আমেরিকার গুরুত্বপূর্ণ ওই রাজ্যের শাটডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নভেল করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে আরো ভালো ফলাফল পেতে নজরদারি বজায় রাখার প্রয়োজনীতার ওপর জোর দেন তিনি। খবর এএফপি’র।
গভর্নর হাসপাতাল ও আইসিইউ’তে রোগী ভর্তি কমছে বলে বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) ব্রিফিংয়ে উল্লেখ করেন। প্রতিদিনের ন্যায় এদিন ব্রিফিংয়ে কোমো বলেন, ‘আমি লক্ষ্য করছি যে, আক্রান্তের হার অনেক কমে গেছে।’ তিনি জানান, আমেরিকায় কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আরো ৬০৬ জন মারা গেছে। বিগত ১০ দিনের মধ্যে প্রাত্যহিক হিসাবে এ সংখ্যা সর্বনিম্ন।
নিউইয়র্ক গভর্নর কোমো বলেন, আশার কথা হলো- নিউইয়র্ক রাজ্য সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত নিউজার্সি ও মিশিগানে ১শ’টি করে এবং মেরিল্যান্ডে ৫০টি ভেন্টিলেটর অনুদান দেবে। আমেরিকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ হাজারের বেশি মানুষ কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে। মোট আক্রান্ত সংখ্যা ৬ লাখের বেশি। এরমধ্যে শুধু নিউইয়র্কেই কমপক্ষে ১১ হাজার ৫৮৬ জন মারা গেছে এবং ৫ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।

