চাঁপাইনবাবগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১৫:২০
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। উপজেলার কাঠিয়াপাড়া থেকে রবিবার (১৯ এপ্রিল) রাতে গ্রেপ্তার হয় বলে জানা গেছে।
ওই চার যুবক হলো- নিশান আলী (২৮) ও তার সহযোগী জহুরুল ইসলাম (৩০), শামীম রেজা (২৫) ও হিমেল (৩২)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেন জানান, মূল আসামি নিশান আলী ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্কের ভান করে তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। পরবর্তীতে নিশান তার তিন বন্ধুকে নিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলফোনে ভিডিও ধারণ করে। পরে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে প্রায় ৭ মাস থেকে ওই তরুণীকে ধর্ষণ ও নগদ অর্থ আদায় করে আসছিল। দিন দিন মাত্রা বেড়ে যাওয়ায় এক পর্যায়ে ওই তরুণী পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। পরে মেয়েটির পরিবার থেকে র্যাবের কাছে অভিযোগ করা হলে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ভিডিও চিত্র, পেনড্রাইভ ও ল্যাপটপ জব্দ করা হয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইউএনবি।

