ইন্ডিয়ায় রাষ্ট্রপতি ভবনে করোনার হানা
উত্তরদক্ষিণ ২১ এপ্রিল ২০২০ । ১৩:৫০
ইন্ডিয়ার রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখার খবর এসেছে। চারদিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে এনডিটিভি।
দেশটির সম্প্রচার সংবাদমাধ্যমটি বলছে, রাষ্ট্রপতি ভবনের সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে। তবে পরীক্ষা করে এখনো কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ছাড়া অন্য কারও দেহে ভাইরাসটি পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল পর্যন্ত ইন্ডিয়য় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬০১ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এদের ৪৭ জন সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন।

