করোনা অদৃশ্য শত্রু : ফখরুল
উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ১৬:০০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস অদৃশ্য শত্রু। যার কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্বের সমস্ত বিজ্ঞানী ও গবেষণা কাজে আসছে না। সবার অহংকার পানির সাথে মিশে গেছে। তবুও আমি বিশ্বাস করি মানুষ জিতবে। মানুষের কল্যাণ হবে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রামের সবচেয়ে বড় নেতা বেগম খালেদা জিয়া। মামলা দিয়ে তাকে দুই বছরের বেশি সময় কারাগারে রাখা হয়েছে। এখন শর্তসাপেক্ষে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেয়া হয়েছে। আমাদের ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও অপহরণ করা হয়েছে। তবুও এরমধ্যে দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম করছি।
বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন সময়ে ‘নিহত ও নির্যাতিত’ হওয়াদের পরিবারের জন্য ‘ঈদ উপহার’ বিতরণ উপলক্ষে করোনা মহামারির মধ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় গুম খুনের শিকার বেশকিছু পরিবারের সদস্য ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

