‘ত্রাণ বিতরণ শেষে’ অসুস্থ রিজভী
উত্তরদক্ষিণ ২৭ এপ্রিল ২০২০ । ১৬:৩৫
করোনা ঝুঁকি মাথায় নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে ‘ত্রাণ বিতরণ শেষে’ নিজেই অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন বলে দাবি করেছেন তিনি নিজেই। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তার চিকিৎসা করছেন। রিজভী জানান, তার পেটে প্রচণ্ড ব্যথা ও বার বার বমি হওয়ার কারণে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন। এই মুহূর্তে আছেন রাজধানীর আদাবরের বাসায়। সোমবার (২৭ এপ্রিল) বিকেল পৌনে ৩টায় রুহুল কবির রিজভী নিজেই এসব তথ্য জানান একটি নিউজ পোর্টালকে।
রিজভী বলেন, ‘আমার মাঝে-মধ্যে যেটা হয় আরকি— পেটে প্রচণ্ড ব্যথা আর বমি। সেটাই হয়েছে। আমি বাসায় আছি। চিকিৎসা নিচ্ছি।’ ‘করোনার কোনো লক্ষণ আছে কি?’— এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী পাল্টা প্রশ্ন করেন, ‘এ ব্যাপারটি কেন আসছে?’
‘আপনি তো ঢাকা, নারয়ণগঞ্জ, মুন্সীগঞ্জে ত্রাণ তৎপরতা চালিয়েছেন! সেই জন্যই টেস্ট করার বিষয়টি আসছে’— এমন প্রশ্নে জবাবের পর তিনি বলেন, ‘করোনার কোনো লক্ষণ— জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা একেবারেই নেই। সুতরাং করোনা টেস্ট কেন করাব? আমার সমস্যা হলো পেটে ব্যথা আর বমি।’
রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভীর পেটে গুলি লেগেছিল। সেই কারণে মাঝে মধ্যে তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়।’ ‘রোববার (২৬ এপ্রিল) হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথার সঙ্গে বমিও আছে। করোনা পরিস্থিতির কারণে হাসপাতালে না নিয়ে বাসাতেই উনার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে,’— বলেন ডা. রফিকুল ইসলাম। তথ্য সহায়াতা সারাবাংলা।

