বিভেদের রাজনীতি করোনাকে বিধ্বংসী করবে: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ ২৮ এপ্রিল ২০২০ । ১৪:৫৫
করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়কে ‘বাঁচা-মরার লড়াই’ আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ লড়াই আমাদের সবার বাঁচা-মরার লড়াই। এ সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।’ মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
করোনা সংকট কোনও রাজনৈতিক ইস্যু নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারকি করছেন। এ সময় আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন।’
ফ্রন্টলাইনে থেকে যারা কাজ করছে ডাক্তার নার্স টেকনোলজিস্ট, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, গণমাধ্যম এবং জরুরি সার্ভিসে, তাদের সবাইকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
রমজান মাসের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সংযমের মাস চলছে। ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।’

