চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়ার ঘোষণা ট্রাম্পের

চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়ার ঘোষণা ট্রাম্পের

উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৪:৩৫

করোনা-সংক্রমণ ও মৃত্যুর হিসাবে বিশ্বে শীর্ষে রয়েছে মার্কিন আমেরিকা। মৃত্যু হয়েছে ৫৭ হাজারের বেশি মানুষের। যার জন্য পরোক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই আঙুল তুলছেন সমালোচকেরা। অবশ্য তাতে কর্ণপাত না-করে ট্রাম্প দুষে চলেছেন করোনার উৎপত্তির দেশ চীনকে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে রুখতে চীন কী ব্যবস্থা নিয়েছিল তা জানতে মার্কিন প্রশাসন ‘কড়া তদন্ত’ শুরু করবে বলে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ-ও জানিয়ে রাখলেন, করোনার জেরে তার দেশ যে ক্ষতির মুখে পড়েছে, তার জন্য চীনের থেকে ক্ষতিপূরণ চাইবেন তারা।

করোনা নিয়ে প্রতিদিন অতিদীর্ঘ সাংবাদিক বৈঠক এবং সম্ভাব্য প্রতিকার হিসেবে সেখানে হাস্যকর সব দাওয়াই। এই দুই কারণে গত কয়েক সপ্তাহ যাবৎ যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। সব দেখেশুনে তার উপদেষ্টারা পরামর্শ দিয়েছিলেন, কোভিড-১৯ নিয়ে ট্রাম্পের বেফাঁস মন্তব্যে ধাক্কা খেতে পারে তার নির্বাচনী প্রচার। যে কারণে কয়েক দিন সাংবাদিক সম্মেলন করেননি ট্রাম্প। তবে এক সপ্তাহও কাটেনি। মঙ্গলবার যথারীতি চীনকে নিশানা করে ট্রাম্প বলেছেন, ‘ওদের দোষী বলার পেছনে অনেক কারণই রয়েছে। আমরা কড়া তদন্ত করব। আমরা মনে করি, এই মহামারি উৎসস্থলেই থামিয়ে দেওয়া যেত। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া থেকে রোখা যেত।’

করোনায় জার্মানির যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, তার জন্য চীনের থেকে ১৬ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়ার কথা বলা হয়েছে সে দেশের এক সংবাদপত্রে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘জার্মানি যে ক্ষতিপূরণ চেয়েছে- তার থেকে অনেক বেশি অর্থ চাওয়ার কথা ভাবছি।’

এদিকে, খারাপ মানের ও জাল টেস্টিং কিট পাঠিয়ে চীনের বিরুদ্ধে এই অতি মহামারি থেকেও ফায়দা তোলার অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা। তথ্য সহায়তা আনন্দবাজার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading