উগান্ডার এমপিদের স্বার্থপরতায় ক্ষুদ্ধ প্রেসিডেন্ট
উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৪:৪৭
নভেল করোনাভাইরাসে ‘সচেতনতা তৈরির উদ্দেশ্যে’ নিজেদের জন্য ২৬ লাখ মার্কিন ডলার বরাদ্দ করায় উগান্ডার সাংসদদের ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি। প্রেসিডেন্ট মন্তব্য করেছেন যে, করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তৈরি করা জেলা পর্যায়ের কমিটির জন্য বরাদ্দ না করে নিজেদের জন্য অর্থ বরাদ্দ করা ‘নৈতিকভাবে নিন্দনীয়।’ তিনি বলেন, বরাদ্দ করা এই অর্থ যেন জেলাভিত্তিক টাস্ক ফোর্সকে দেয়া হয়, সে বিষয়ে একমত হয়েছি আমি এবং স্পিকার। খবর বিবিসির।
দেশটির জাতীয় মুদ্রায় এক হাজার কোটি উগান্ডান শিলিং বরাদ্দ করা অর্থ খরচ করে এরই মধ্যে যেসব সাংসদ তাদের নির্বাচনী এলাকার জন্য ত্রাণ কিনেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রধান হিসাব নিরীক্ষকের কাছে চিঠি লিখবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মুসেভেনি। প্রেসিডেন্ট এরই মধ্যে নির্দেশ দিয়েছেন যেন ব্যক্তি উদ্যোগে কোনও ত্রাণ বিতরণ করা না হয়। পাশাপাশি, যারা সাহায্য করতে চান তাদেরকে জেলাভিত্তিক টাস্ক ফোর্সের কাছে সাহায্য উপকরণ পৌঁছে দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত সপ্তাহেই ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করার সময় উগান্ডার বিরোধীদলীয় এক সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়। সংক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে কেনিয়া থেকে উগান্ডায় প্রবেশ করা ট্রাকের চালকদের জন্যও নতুন নির্দেশনা জারি করেছেন প্রেসিডেন্ট মুসেভেনি।
নতুন নিয়ম অনুযায়ী, কেনিয়া থেকে উগান্ডায় প্রবেশ করা কোনো ট্রাক যাত্রী পরিবহণ করতে পারবে না এবং চালক হোটেলে বা কারো বাসায় থাকতে পারবেন না। উগান্ডায় এখন পর্যন্ত ৭৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে উগান্ডায় লকডাউন চলবে আগামী ৫ মে পর্যন্ত।

