বিশ্বের অর্ধেক শ্রমিক জীবিকা হারাতে পারে: আইএলও
উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১২:০৪
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলেছে, অনানুষ্ঠানিক অর্থনীতিতে কর্মরত বিশ্বের প্রায় ১৬০ কোটি মানুষ করোনাভাইরাস মহামারির কারণে জীবিকা হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছে। এই পরিমাণ মানুষ বিশ্বের মোট শ্রমশক্তির অর্ধেক। বুধবার (২৯ এপ্রিল) জাতিসংঘের এই সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই তুলে ধরা হয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে।
করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৩২ লাখেরও বেশি মানুষ। এরমধ্যে দুই লাখ ২৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ রাখা হয়েছে বহু দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান। ফলে চাকরির ওপর তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। আইএলও’র সাম্প্রতিক প্রতিবেদনে সেই ঝুঁকির চিত্রই উঠে এসেছে।
বুধবার সংবাদ সম্মেলনে আইএলও মহাপরিচালক গাই রাইডার বলেছেন, বিশ্বের মোট ৩৩০ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে অনানুষ্ঠানিক শ্রমজীবীরাই সবচেয়ে বেশি দুর্বল। তাদের শ্রমের সুরক্ষা নেই। ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ নেই। এমনকি বাড়িতে থেকেও কাজের সুযোগ নেই। গাই রাইডার বলেন, ‘লাখ লাখ কর্মীর আয় নেই মানেই তাদের খাবার নেই, নিরাপত্তা নেই এবং কোনও ভবিষ্যৎও নেই। সারা বিশ্বের লাখ লাখ ব্যবসা এখন কোনও রকমে টিকে আছে।’

