বিনা সুদে ঋণ পাচ্ছেন আইনজীবীরা

বিনা সুদে ঋণ পাচ্ছেন আইনজীবীরা

উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৭:৫০

করোনাভাইরাস সংকটের মধ্যে আইনজীবীদের সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সে অনুযায়ী সমিতির সদস্য প্রায় তিন হাজার আইনজীবী অনলাইনে আবেদনও করেছেন। এখন সেগুলো যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে আছে। এরপর ঋণ বিতরণ করা হবে।

লকডাউনের মধ্যে গত ১৫ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সমিতির এক সভায় আইনজীবীদের সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ২৫ এপ্রিল ছিল আবেদনের শেষ তারিখ। এই সময়ের মধ্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১০ হাজার সদস্যের মধ্যে প্রায় তিন হাজার আইনজীবী অনলাইনে এ আবেদন করেছেন বলে জানিয়েছেন সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে যেহেতু আদালত বন্ধ, আইনজীবীরা যেহেতু আদালতে যেতে পারছেন না, তাই তাদের রোজগারও বন্ধ। সেই কারণে আইনজীবীদের আর্থিক বিষয়টা দেখার জন্য আইনজীবীদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা কোনো অনুদান না।

কতদিনের জন্য ঋণ দেওয়া হবে জানতে চাইলে আমিন উদ্দিন বলেন, তিন বছরের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টাকাটা এককালীন দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা ঋণ নেবেন তারা টাকাটা কীভাবে দেবেন সেটা আমরা ঠিক করে দেব। এখনও সেটি ঠিক হয়নি। সমিতির সম্পাদক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি কল্যাণকামী সংগঠন। চলমান এই সঙ্কটে আমাদের সমিতির সদস্যদের কল্যাণের জন্যই আমরা এই চেষ্টাটা করছি। সমিতির কোষাধ্যক্ষ রাগিব রউফ চৌধুরী বলেন, আবেদন যাচাই-বাছাই চলছে। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading