নতুন ৫৭১ জনসহ মোট আক্রান্ত ৮২৩৮। মৃত্যু ১৭০, সুস্থ ১৭৪
উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ১৪:৩৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭০ জনে। একই সময়ে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে ১৪ জন হওয়ায় মোট সংখ্যা দাঁড়ালো ১৭৪ জনে। এর মধ্য দিয়ে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বাড়লো।
অপরদিকে, গত একদিনে ৫ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা বা কভিড-১৯ সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭১ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ৮ হাজার ২৩৮ জন।
শুক্রবার (১ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় যে দু’জন মারা গেছেন তার মধ্যে একজন পুরুষ ও একজন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে একজন ষাটোর্ধ্বে। আরেকজন ৫১ বছর বয়সী। একজন ঢাকার ভেতরে, আরেকজন ঢাকার বাইরে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৫৮টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫৭৩টি। এর মধ্যে ৫৭১ জন শনাক্ত হয়েছে। সারাদেশে ৩১টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়েছে।

