সরকারের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত : তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ১৬:১৪
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেয়ার কারণেই সরকার আজ বিশ্বব্যাপী প্রশংসিত।’ তিনি সোমবার (৪ মে) ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে দেয়া সংক্ষিপ্ত ভিডিওবার্তায় একথা বলেন।
করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বিশ্বব্যাপী সংকটের সময় মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তা ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক প্রশংসিত হয়েছে।’
ড. হাছান বলেন, এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপরে। এমনকি ইন্ডিয়া, পাকিস্তান, চীনের চেয়েও এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক ভালো। সেটিই দ্য ইকনোমিস্ট পত্রিকায় এসেছে। তিনি বলেন, কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা।
এসময় উপস্থিত এক সাংবাদিক বিএনপি নেতা রুহুল কবীর রিজভী আহমেদের ‘সরকারের আহম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা’ – মন্তব্যের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে, বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিয়ে এগুচ্ছে। সেখানে রিজভী আহমেদসহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন!’

