এ বছরই করোনা’র টিকা হাতে পাবেন ট্রাম্প!
উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ২১:৫৪
এ বছরই করোনাভাইরাসের টিকা হাতে পাওয়ার আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা এ বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাবে। খবর এএফপি’র।
ওয়াশিংটন ডিসি’তে লিঙ্কন মেমোরিয়াল থেকে রোববার (৩ মে) সম্প্রচার করা ফক্স নিউজের ‘টাউন হল’ অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন। একই সময় ট্রাম্প বলেন, স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোকে সেপ্টেম্বরে ফের খুলে দেয়ার আহ্বান জানাবেন। তিনি বলেন, ‘আমি চাই এসব প্রতিষ্ঠান খুলুক।’
কোভিড-১৯ ভাইরাস মোকাবেলার উপায় খুঁজে বের করতে আমেরিকা ও অন্যন্য দেশের মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে কোন দেশ প্রথম হবে- এমন আলোচনা চলার মধ্যে এ টিকা হাতে পাওয়ার ব্যাপারে সম্ভাব্য সময়ের কথা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প চ্যালেঞ্জ দিয়ে বলেন, করোনাভাইরাসের ওষুধ হাতে পাওয়ার ক্ষেত্রে বিশ্বের কোনও দেশ আমেরিকার গবেষকদের পরাজিত করতে পারলে তিনি খুশি হবেন। এ ব্যাপারে তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে এগিয়ে থাকা যেকোনও দেশকে আমি স্যালুট জানাবো।’
এর পর ট্রাম্প তার সভাব-সুলভ ভঙ্গিতে বলেন, ‘আমি কাউকে পরোয়া করি না। আমি কেবলমাত্র একটি কার্যকর টিকা হাতে পেতে চাই।’ অস্বাভাবিক দ্রুত গতিতে চলা এ গবেষণা প্রক্রিয়ার ক্ষেত্রে হিউম্যান ট্রায়ালের ঝুঁকির ব্যাপারে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা হচ্ছেন স্বেচ্ছাসৈনিক। তারা জানেন- এটা তাদেরকে দেয়া হচ্ছে।’

