ইন্ডিয়ায় আক্রান্ত অর্ধলক্ষ ছাড়িয়েছে, মৃত ১৮শ প্রায়
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৭ মে ২০২০। ১৬:৪৫
ইন্ডিয়ায় বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা অর্ধলক্ষ পার হয়ে গেছে। প্রতিবেশী দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ছুঁই ছুই। ইন্ডিয়ায় প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল ৩০ জানুয়ারি। ৯৯ দিনের মাথায় ৫০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। খবর আনন্দবাজারের।
বৃহস্পতিবার (৭ মে) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ধরা পড়েছে আরও ৩ হাজার ৫৬১ জনের শরীরে। এ নিয়ে দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫২ জনে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬ হাজার।
আক্রান্তের পাশাপাশি ইন্ডিয়ায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১৭৮৩ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬৫১ জনের। এর পর গুজরাতে মারা গিয়েছেন ৩৯৬ জন। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ১৮৫।

