ইন্ডিয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ঘুমন্ত ১৬ শ্রমিক

ইন্ডিয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ঘুমন্ত ১৬ শ্রমিক

উত্তরদক্ষিণ শুক্রবার ০৮ মে ২০২০। ১৪:৩০

ইন্ডিয়ার মহারাষ্ট্রে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ পরিযায়ী শ্রমিক নিহত হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। লকডাউনের মধ্যে নিহত শ্রমিকরা হেঁটে মধ্য প্রদেশে যাচ্ছিলেন; পথে ঔরঙ্গবাদের কর্মদ এলাকার কাছে একটি রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন।

বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তাদের উপর দিয়ে একটি মালবাহী ট্রেন চলে যায় বলে রেলওয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

চালক ট্রেনটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় বলে টুইটারে জানিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। “ভোরের দিকে রেললাইনের ওপর শ্রমিকদের দেখে পণ্যবাহী ট্রেনটির চালক ট্রেন থামাতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি বদনাপুর ও কর্মদ স্টেশনের মাঝামাঝি পার্বণী-মন্মদ সেকশনে শ্রমিকদের উপর দিয়ে চলে যায়। আহতদের ঔরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে,” টুইটে বলেছে রেল মন্ত্রণালয়।

এনডিটিভি জানিয়েছে, প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সংক্রমণরোধে দেওয়া লকডাউনে আটকে পড়া শ্রমিকদের জন্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে ‘শ্রমিক’ নামের বিশেষ ট্রেন চালু হলেও অনেকেই হেঁটে বাড়ি ফিরছেন। “রেলওয়ে সুরক্ষা বাহিনী ও পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে,” বলেছেন ভারতের সাউথ সেন্ট্রাল রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading