বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ছুঁইছুঁই
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ১৪ মে ২০২০। ১৬:২০
করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৪৫ হাজারেরও বেশি। এরই মধ্যে করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত দেশগুলোর শীর্ষ ৩০টির মধ্যে উঠে এসেছে বাংলাদেশের নাম। যদিও দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া ও পাকিস্তানের চেয়ে এখনও ভালো আছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৪ মে) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ১০:০৪টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৩৯ জনের। আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৪৫ হাজার ৮৩৯ জনে। তবে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭০ হাজার ২৮২ জন। এখনও বিশ্বের ২ শতাধিক দেশে করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪ লাখ ৭৭ হাজার ১১৮ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন প্রায় ৪৬ হাজার মানুষ।

