ইউনাইটেডে আগুন: তদন্তে কমিটি
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ২৮ মে ২০২০। ১৪:২০
ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে কোভিড-১৯ ইউনিটের পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। উপ পরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন- ফায়ার ব্রিগেড ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল চক্রবর্তী, উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ এবং বারিধারার জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ।
কমিটির সদস্য আজাদ বৃহস্পতিবার (২৮ মে) সকালে গণমাধ্যমকে বলেন, কমিটিতে আমাকে রাখার কথা আজই জানান হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের কাজ এরইমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো আলামত যেন না সরানো হয়, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হবে। ঘটনার প্রত্যক্ষদর্শী, রোগীর আত্মীয়-স্বজন, ওই ওয়ার্ডের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, যিনি ফায়ার ব্রিগেডে প্রথম ফোন করেছিলেন- তাদের সবার বক্তব্য নেওয়া হবে।
জ্যেষ্ঠ স্টেশন অফিসার আজাদ বলেন, শনিবার সকালে তারা সবার বক্তব্য শুনবেন। তারপর সবকিছু সমন্বয় করে প্রতিবেদন দেবেন।
পুলিশ উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী রাতে বলেন, সেখানে এসি ছিল এবং এসির স্পার্ক থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাছাড়া এখানে যেসব উপাদান ছিল, সবই দাহ্য পদার্থ। এখানে স্যানিটাইজার ছিল, সেগুলোও দাহ্য পদার্থ। সে কারণে খুব অল্প সময়ে আগুন একটা বড় রূপ নেয় এবং পাঁচজন রোগী মৃত্যুবরণ করেন। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, একটা তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি ঠিক করবে, এখানে কোনো গাফিলতি ছিল কি না, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না? তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এখানে ব্যবস্থা নেওয়া হবে।

