প্রধানমন্ত্রীর উপপ্রেস-সচিব খোকনের বাবা ইন্তেকাল করেছেন, প্রধানমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ০৩:১৭
শেখফারুক ।। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ আশরাফুল আলম খোকনের বাবা আলহাজ মোঃ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। আজ সোমাবার (০১ জুন) সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
প্রধানমন্ত্রীর শোক
আশরাফুল আলম খোকনের পিতা আলহাজ মো. আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাবার জন্য দোয়া চেয়েছেন খোকন
বাবার মৃত্যু সংবাদ জানিয়ে আজ দুপুরে নিজের ফেসবুক পোস্টে আশরাফুল ইসলাম খোকন সকলের কাছে বাবার বিদেহী আত্মার জন্য দোয়া চেয়েছেন। যারা এই দুঃসময়ে পাশে দাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
তার পোস্টে খোকন লিখেছেন, “গভীর দুঃখের সাথে জানাচ্ছি, আমার বাবা আলহাজ্ব আনোয়ার হোসেন আজ সকাল ৯:৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহীর রাজেউন)।
আপনারা অনেকেই ফোন করে, স্বশরীরে আমাদের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। সমবেদনা জানাচ্ছেন।আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।
একটা অনুরোধ থাকবে, পরিবর্তিত পরিস্থিতে “স্বাস্থ্যবিধি” মেনেই আমরা আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করছি। এই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি।
সকলে তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া করবেন”।
স্বেচ্ছাসেবক লীগের শোক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে আশরাফুল আলম খোকনের বাবা মোঃ আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
নেতৃবৃব্দ শোকসন্তপ্ত পরিবারেরপ্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

