রাজধানীতে ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক প্রতারক আটক

রাজধানীতে ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক প্রতারক আটক

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ১৮:২৫

ভূয়া ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব পরিচয়দানকারী এক প্রতারককে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতের নাম মো. গোলাম মোস্তফা (৩৮)।

রোববার মধ্যরাতে সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের একটি বিশেষ দল উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন আজ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোলাম মোস্তফা নিজেকে ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট আবার কখনও সচিবালয়ে কর্মকর্তা বলে পরিচয় দিতেন। গোলাম মোস্তফা বিয়ের প্রলোভন দেখিয়ে পাঁচজনের কাছ থেকে প্রায় ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

সিআইডি’র এ কর্মকর্তা জানান, মোস্তফা ঢাকা শহরের কিছু অসাধু ঘটকের কাছ থেকে অবিবাহিত মেয়েদের বায়োডাটা টাকার বিনিময়ে সংগ্রহ করে তাদের সাথে ফোনে যোগাযোগ করেন। তাদের পরিবারের সদস্য বিশেষত পাত্রীর মায়ের সাথে সখ্যতা গড়ে তোলে এবং বিশ্বস্ততা অর্জন করে। এরপর বিভিন্ন সময়ে নানা অজুহাত যেমন- পিএইচডি করতে বিদেশ যাওয়া, বদলি বাতিলকরণ করাসহ নানা অজুহাতে বিবাহের পাত্রীদের কাছ থেকে টাকা ধার নিতেন। পরবর্তীতে ধারকৃত টাকা ফেরত না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন। তার মূল টার্গেট ছিল বিত্তবান পরিবারের অবিবাহিত ও চাকরিজীবী মেয়ে।

মোস্তফার প্রতারণার শিকার বেসরকারি ব্যাংকে কর্মরত এক নারী কর্মকর্তা গত ১১ ফেব্রুয়ারি বাদি হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সিআইডিকে এ মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading