‘রেড জোনে’ কক্সবাজার পৌরসভা, ফের লক-ডাউন

‘রেড জোনে’ কক্সবাজার পৌরসভা, ফের লক-ডাউন
কক্সবাজার মানচিত্র/ম্যাপ

উত্তরদক্ষিণ : শুক্রবার ০৫ জুন ২০২০ । আপডেট ২১ঃ০৭

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজার পৌরসভা সহ জেলার কয়েকটি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে পৌর এলাকাকে ফের লক-ডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন জানান, শুক্রবার (০৫ জুন) বিকালে ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় জেলার সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পুরো কক্সবাজার পৌরসভাকে রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (০৬ জুন) থেকে ২০ জুন পর্যন্ত পৌর এলাকা লকডাউনের আওতায় থাকবে।

এই সময়ে সবাইকে যার যার বাসায় অবস্থান করতে হবে। বন্ধ থাকবে সব ধরনের ব্যক্তিগত ও গণপরিবহন।

কাঁচা বাজার ও মুদি দোকান কেবল রবি ও বৃহস্পতিবার খোলা রাখা যাবে দিনের আট ঘণ্টার জন্য। অন্য সব দোকান ও হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তবে ফার্মেসি বিধিনিষেধের আওতায় থাকবে না। 

গত এক সপ্তাহ ধরে কক্সবাজার শহরে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী কক্সবাজার জেলায় এ পর্যন্ত ৮৭৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬৪ জন রোগী কক্সবাজার সদর উপজেলার।

এছাড়া মহেশখালীতে ৩৪ জন, টেকনাফে ৪১ জন, উখিয়ায় ১১০ জন, রামুতে ৫৩ জন, চকরিয়ায় ১৮৯ জন, কুতুবদিয়ায় ৩ জন এবং পেকুয়ায় ৪৭ জন রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হওয়া রোহিঙ্গা ক্যাম্পেও বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। সেখানে এ পর্যন্ত ৩৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। 

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading