করোনা আক্রান্ত বীর বাহাদুরকে ঢাকায় আনা হয়েছে, সিএমএইচে ভর্তি
উত্তরদক্ষিণ : রবিবার ০৭ জুন ২০২০ । আপডেট ১৩:২৯
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার (০৭ জুন) ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। এর আগে আজ সকাল সোয়া ১১টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মন্ত্রীকে নিয়ে ঢাকায় আনা হয়। ঢাকা পৌছে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। আগে থেকেই তার শ্বাসকষ্ট ছিল । এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে। তিনি (মন্ত্রী) নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তবে তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো আনা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর করোনা পজিটিভ ধরা পড়েছে। কয়েকজন সংসদ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়লেও এই প্রথম কোনো মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর জানা গেল।
মন্ত্রীর বান্দরবনে অবস্থানকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হন।
বান্দরবানের সিভিল সার্জন সূত্রে জানা যায়, কিছু দিন যাবত বীর বাহাদুর শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। বান্দরবানে বৃহস্পতিবার (০৪ জুন) তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। শনিবার (০৬ জুন) রাতে তার টেস্টের রিপোর্ট বান্দরবনে এসেছে। মন্ত্রীর করোনা ‘পজিটিভ’ এসেছে।
আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর ১৯৯১ সালের নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির আগে সংলাপ কমিটির একজন সদস্য ছিলেন তিনি।
দুই মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বীর বাহাদুর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদে হুইপের দায়িত্বও পালন করেছেন।
জাতীয় সংসদে ছয়বার বান্দরবানের মানুষের প্রতিনিধিত্ব করা বীর বাহাদুর উশৈসিং ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
২০১৯ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

