দুর্দিনে শ্রমিক ছাঁটাই মরার ওপর খাড়ার ঘা : ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ : সোমবার ০৮ জুন ২০২০ । আপডেট ২১:০১
দেশের এই দুর্দিনে শ্রমিক ছাঁটাইকে ‘মরার ওপর খাড়ার ঘা’ হিসেবে অভিহিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শ্রমিকরাই সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে। এই দুর্দিনে তাদের (শ্রমিকদের) দূরে ঠেলে না-দেয়ার জন্য তিনি মালিকদের প্রতি আহবান জানিয়েছেন।
মন্ত্রী সোমবার (০৮ জুন) তার বাসভবনে ব্রিফিংকালে বলেন, ব্যবসায়ী দৃষ্টিকোন থেকে নয়, মানবিক দৃষ্টিকোন থেকে দেখুন। অসহায় মানুষের প্রতি সহমর্মি হয়ে ছাঁটাই না করার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বিজিএমইএ সহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহবান জানান।
সম্প্রতি বিজিএমইএ সভাপতি রুবানা হক ‘জুন থেকেই শ্রমিক ছাটাইয়ের’ ঘোষণার প্রতিক্রিয়ায় সেতুমন্ত্রী এ কথা বলেন।
গণপরিবহন নিয়ে সেতুমন্ত্রী বলেন, গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, মালিক শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এবিষয়ে সচেতন হতে হবে।
তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদেও থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক শ্রমিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে-ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। এ সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসবো এবং সংকটের মেঘ অচিরেই কেটে যাবে সবার সম্মিলিত প্রচেষ্টায়। দেশে খাদ্য ঘাটতি নেই বলেও জানান তিনি।
মন্ত্রী সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরতদের প্রতি আহবান জানিয়ে বলেন, করোনা এবং অন্যান্য রোগীদেও সেবায় মানবিক হোন, ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে-ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে, তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরণ ও সহানুভূতিশীল হতে হবে।

