ঢাকা মহানগর পুলিশে রদবদল : এসপি হারুন আবারও তেজগাঁও বিভাগে
উত্তরদক্ষিণ : মঙ্গলবার ০৯ জুন ২০২০ । আপডেট ১৮:৫৩
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ব্যাপক রদবদল করা হয়েছে। বাহিনীর ‘স্বাভাবিক ও নিয়মিত’ কর্মকান্ডের অংশ হিসেবে এই রদবদল ঘটলেও দায়িত্ব পুনর্বন্টনের মধ্য দিয়ে ডিএমিপি’র নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন হল। কয়েক জন ‘বিতর্কিত’কে পদায়ন করা হল।
মঙ্গলবার (০৯ জুন) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরি আদেশে এই রদবদল ও পুনর্বন্টন হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে বদলির জন্য আইজিপিকে চিঠি দেওয়ার পর নিজেই তাকে অন্য বিভাগে সরিয়ে দিলেন
লজিস্টিকস বিভাগ থেকে যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেনকে
সরিয়ে দেয়া হলঃ
ইমাম হোসেনকে লজিস্টিকস বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের অধীনেই পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে বদলি করে মঙ্গলবার আদেশ জারি করেছেন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
২০১২ সালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হিসেবে যোগ দেন ইমাম হোসেন। পরে ডিএমপির উপ-কমিশনার (অর্থ) ও উপ-কমিশনার (লজিস্টিকস) পদে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে যুগ্ম কমিশনার হিসেবে লজিস্টিকস বিভাগে কর্মরত ছিলেন তিনি।
‘দুর্নীতিপরায়ণ’ আখ্যায়িত করে তাকে বদলি করার অনুরোধ জানিয়ে গত ৩০ মে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছিলেন ঢাকার পুলিশ কমিশনার। বিষয়টি জানাজনি হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওই চিঠিতে বলা হয়, “ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার (ইমাম হোসেন) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তদুপরি তিনি ডিএমপির কেনাকাটায় স্বয়ং পুলিশ কমিশনারের নিকট ‘পার্সেন্টেজ’ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেছেন। ফলে উক্ত কর্মকর্তাকে ডিএমপিতে রাখা সমীচীন নয় মর্মে প্রতীয়মান হয়েছে।”
এসপি হারুন আবারও তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হলেনঃ
নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাবেক এসপি হারুনকে গত ১৪ মে পুলিশ সদরদপ্তর থেকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে তেজগাঁওয়ের উপ-কমিশনার করা হয়েছে।
এসপি হারুন নামে সমাধিক পরিচিত পুলিশের আলোচিত কর্মকর্তা মোহম্মমাদ হারুন অর রশিদ এর আগে ডিএমপি’র অপরাধ বিভাগের লালবাগের উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার ও তেজগাঁও বিভাগেও দায়িত্ব পালন করেছেন তিনি। তেজগাঁওয়ের অতিরিক্ত উপ-কমিশনার থাকাকালে ২০১১ সালের ৬ জুলাই পুলিশের দিকে তেড়ে যাওয়া তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে ‘পিটুনি’ দিয়ে আলোচিত হয়েছিলেন তিনি।
পরে ডিএমপির লালবাগ বিভাগে কয়েক বছর দায়িত্ব পালনের পর গাজীপুরের পুলিশ সুপার হন তিনি। সেখানে কয়েক বছর দায়িত্ব পালনের মধ্যে ২০১৮ সালের মে মাসে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সময় বিএনপি তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে। এরপর ওই বছরের অগাস্টের শুরুতে তাকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়।
একই বছরের ২ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে হারুন অর রশীদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করে সরকার।
নারায়ণগঞ্জে ১১ মাসের দায়িত্বে সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করেন হারুন। হকার ও অবৈধ দখল উচ্ছেদসহ বেশ কিছু পদক্ষেপ নিয়ে তিনি যেমন প্রশংসিত হন, তেমনি নারায়ণগঞ্জের অনেক প্রভাবশালীর সঙ্গে টক্করে গিয়ে নতুন নতুন আলোচনার জন্ম দেন।
গত ২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এসপি হারুন পারটেক্স গ্রুপের কর্ণধার এম এ হাশেমের ছেলে আমবার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজের স্ত্রী ও সন্তানকে আটক করে এসপি হারুন দাবি করেছিলেন, তাদের গাড়ি থেকে ইয়াবা, মদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগের দিন ভোররাতে সিদ্ধিরগঞ্জ থেকে আটকের কথা জানালেও বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য বেরিয়ে আসে।
এসপি হারুনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, চাঁদা না পেয়ে শওকত আজিজের স্ত্রী-সন্তানকে ঢাকার গুলশানের বাসা থেকে ধরে নারায়ণগঞ্জে নিয়ে গিয়েছিলেন তিনি।
ওই অভিযোগের প্রমাণ হিসেবে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়লে ৩ নভেম্বর হারুনকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরের ট্রিনিং রিজার্ভ (টিআর) হিসেবে বদলির আদেশ আসে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হবে ওই সময় জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিন্তু তদন্তের বিষয়টি আজও অজ্ঞাত।
বিপ্লব বিজয় তালুকদারকে লালবাগ বিভাগেঃ
তেজগাঁওয়ের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।
মুনতাসিরুল ইসলামকে ডিএমপি সদরদপ্তরেঃ
লালবাগ বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলামকে ডিএমপি সদরদপ্তরে লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।
জিয়াউল আহসান পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমেঃ
ডিএমপি সদরদপ্তরের উপ-কমিশনার (লজিস্টিকস) মো. জিয়াউল আহসান তালুকদারকে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমের দায়িত্ব দেওয়া হয়েছে।
নজরুল ইসলামকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপেঃ
পিওএম পশ্চিমের দায়িত্বে থাকা উপ-কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপে বদলি করা হয়েছে।

