প্রতারণার অভিযোগে ১ হাজার ৪৪৬ বছরের জেল!
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ২৩:১৫
থাইল্যান্ডে এক হোটেলের দুই মালিককে আদালত ১ হাজার ৪৪৬ বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের আদালত। জনগণের সঙ্গে প্রতারণা করার দায়ে এই শাস্তি পেয়েছে তারা। আদালতে দায়ের করা অভিযোগে জানা যায়, ঘটনা গত বছরের। থাইল্যান্ডে ‘লায়েমগেট’ নামের একটি সী-ফুড বা সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ অনলাইনে অগ্রিম অর্থ দিলে ডিসকাউন্ট বা ছাড়ের সুযোগ দিয়ে খাওয়ার এক লোভনীয় অফার দেয়।
এই নিয়ে বিবিসি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি’র প্রতিবেদন এখানে তুলে ধরা হল।
থাইল্যান্ডে ‘লায়েমগেট’ নামের ওই সী-ফুড রেস্তোরাঁর ডিসকাউন্ট বা ছাড়ের সুযোগ দিয়ে খাওয়ার লোভনীয় অফারে আকৃষ্ট প্রায় ২০ হাজার মানুষ অনলাইনে খাবারের ভাউচার কেনেন, যার মূল্য ছিল থাই মুদ্রায় ৫ কোটি থাই বাথ (১৬ লক্ষ আমেরিকান ডলার) যেটা সাড়ে ১৩ কোটি টাকা।
থাই সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে সংস্থাটি পরে জানায় এত লোকের চাহিদা মেটাতে তারা অক্ষম এবং তারা রেস্তোরাঁট বন্ধ করে দেয়।
কয়েকশ মানুষ অভিযোগ জানানোর পর রেস্তোরাঁর দুই মালিক আপিচার্ট ওয়ার্নবানচারাক এবং প্রাপাস্যর্ন বোওয়ার্নবানচাকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডে প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হলে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড খুব অস্বাভাবিক ঘটনা নয়। বিশেষ করে যেখানে এত মানুষ অভিযোগ জানিয়েছে। কিন্তু থাই আইনে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ বিশ বছর।
কীভাবে অফারের উদ্যোগ প্রতারণায় দাঁড়াল

সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ ‘লায়েমগেট ইনফিনিট’ গত বছর নানাধরনের ফুড ভাউচার বিক্রি শুরু করে যেখানে খদ্দেরদের অগ্রিম অর্থ দিতে বলা হয়।
এধরনের একটি অফার ছিল ৮৮০ বাথ (২৮ ডলার) দিয়ে সামুদ্রিক খাবারের পুরো মিল খেতে পারবে দশ জন মানুষ। সাধারণত এধরনের খাবারের খরচের থেকে অনেক সস্তা ছিল এই দাম।
প্রথমদিকে যারা ভাউচার কিনেছিল, তারা ওই দামে রেস্তোরাঁটিতে খেতেও পেরেছিল। কিন্তু থাই সংবাদমাধ্যম পিবিএস জানাচ্ছে পরবর্তীতে খদ্দেররা অগ্রিম বুকিং করতে গেলে তাদের বলা হয় বুকিং পেতে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এরপর মার্চ মাসে লায়েমগেট ইনফিনিট হঠাৎ জানায় তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছে। তারা জানায় চাহিদা মেটানোর জন্য যথেষ্ট সামুদ্রিক খাবার তারা সংগ্রহ করতে পারছে না।
থাই সংবাদমাধ্যম জানায় যেসব খদ্দের অগ্রিম ভাউচার কিনেছিল রেস্তোরাঁটি তাদের অর্থ ফিরিয়ে দেবে বলে জানায়। ৮১৮ জন খদ্দের যারা অভিযোগ করেছিল তাদের মধ্যে ৩৭৫জন তাদের অর্থ ফিরে পায়।
পরে আরও কয়েকশ মানুষ প্রতারণার অভিযোগ দায়ের করে প্রতিষ্ঠান ও এর দুই মালিকের বিরুদ্ধে।
মালিক দুজনকে ভুয়া বার্তা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেবার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
তারা ৭২৩টি ভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয় এবং তাদের দুজনকেই ১ হাজার ৪৪৬ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
তবে তারা দোষ স্বীকার করেছিল বলে আদালত তাদের সাজার মেয়াদ প্রত্যেকের ক্ষেত্রে অর্ধেক কমিয়ে একেক জনের ক্ষেত্রে ৭২৩ বছর করে।
তাদের ৭২৩ বছর করে জেল হলেও তাদের আসলে কারাবাস করতে হবে থাই আইন অনুযায়ী বিশ বছরের সবোর্চ্চ মেয়াদ পর্যন্ত।
তাদের রেস্তোরাঁ লায়েমগেট ইনফিনটকে ১৮ লক্ষ বাথ জরিমানা করা হয়েছে এবং মালিক দুজনকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ বাথ ফিরিয়ে দেবার আদেশ দিয়েছে আদালত।
থাইল্যান্ডের একটি আদালত ২০১৭ সালে এক প্রতারককে ১৩ হাজার বছরের কারাদণ্ড দিয়েছিল।

