তেল ট্যাঙ্কারে আমেরিকার হামলায় দুই ইন্ডিয়ার নাবিক নিহত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, আপডেট ১৩:৪৫
ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে আমেরিকার সামরিক বাহিনীর হামলায় দুই ইন্ডিয়ার নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) ইন্ডিয়ার সংবাদমাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মনোজ যাদবের বরাত দিয়ে হিন্দুর প্রতিবেদনে বলা হয়, নিহত দুই ইন্ডিয়ার নাবিক হলেন- ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া। এছাড়া জাহাজের চিফ ইঞ্জিনিয়ার পটনালা সুরেশ এখনো নিখোঁজ রয়েছেন।
এই হামলার ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত আমেরিকার ডেপুটি চিফ অব মিশন জেসন মিক্সকে তলব করে ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত সরকার।
এদিকে, আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় ওমান উপসাগর অতিক্রম করার সময় ‘সেত্তেবেলো’ নামের ওই তেলবাহী ট্যাঙ্কারটিতে একটি ‘নির্ভুল ও সুনির্দিষ্ট’ সামরিক হামলা চালানো হয়। আমেরিকার বাহিনীর দাবি, ট্যাঙ্কারটি অবৈধভাবে ইরানি তেল বহন করছিল এবং এর ক্রুরা আমেরিকার বাহিনীর নির্দেশাবলী মেনে চলতে ব্যর্থ হয়েছিল।
ইউডি/কেএস

