শীর্ষ চারে ইন্ডিয়া, চীনকে হারাচ্ছে বাংলাদেশ!

শীর্ষ চারে ইন্ডিয়া, চীনকে হারাচ্ছে বাংলাদেশ!

উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১৬:০০

মোহাম্মদ শিহাব: নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের ২১৫টি দেশে। তবে সবগুলো দেশের পরিস্থিতি ভয়াবহ নয়। এরই মধ্যে অন্তত ১৮টি দেশ করোনার ছোবল থেকে মুক্তি পেয়েছে। আরও বেশ ক’টি দেশ করোনামুক্ত হওয়ার পথে। অবশ্য উল্টো চিত্রই বেশি।

দক্ষিণ এশিয়ার দেশ- ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশের অবস্থা বেশ ভয়াবহ। এসব দেশে দিনে দিনে পরিস্থিতি অবনতি হচ্ছে। কোনও প্রচেষ্টাই যেন করোনা মোকাবিলায় কাজে আসছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। ইন্ডিয়া এরই মধ্যে করোনা সংক্রমণের হিসাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা বিপর্যস্ত দেশগুলোর শীর্ষ ৪ নম্বরে উঠে এসেছে। আর করোনা উৎপত্তির দেশ- চীনকে খুব দ্রুতই হারাতে যাচ্ছে বাংলাদেশ!

শুক্রবার (১২ জুন) সবশেষ তথ্য অনুযায়ী, মাত্র দেড় হাজারের ব্যবধানে বাংলাদেশের একধাপ উপরে রয়েছে চীন। ৮৩ হাজার ৬৪ জন করোনা আক্রান্ত নিয়ে শীর্ষ তালিকার ১৮তম স্থানে আছে চীন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত হয়েছে মাত্র ৭ জন। আর ৮১ হাজার ৫২৩ জন করোনা বা কভিড-১৯ রোগী নিয়ে বাংলাদেশের অবস্থান ১৯তম। কিন্তু বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে প্রতিদিনই এই সংখ্যা ৩ হাজারের বেশি বৃদ্ধি পাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শনিবারের (১৩ জুন) মধ্যে বাংলাদেশ চীনকে হারাতে যাচ্ছে!

অবশ্য চীনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজারের বেশি। বাংলাদেশে এই সংখ্যা ১১শ ছুঁইছুঁই। অপরদিকে, চীনে ৮১ হাজার আক্রান্তদের মধ্যে ৭৮ হাজারের বেশি সুস্থ হয়েছেন। বাংলাদেশে সেই সংখ্যা মাত্র ১৭ হাজারের কিছু বেশি।

করোনা মহামারিতে প্রতিবেশী দেশ- ইন্ডিয়াও বেশ খারাপ অবস্থায় আছে। এরই মধ্যে
ইউরোপের দেশ- ইতালি, স্পেন ও ব্রিটেনকে পেছনে ফেলে শীর্ষ তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বিশ্বের অন্যতম জনবহুল দেশ- ইন্ডিয়া।

সবশেষ তথ্য অনুযায়ী, ইন্ডিয়ায় করোনা সংক্রমণ ৩ লাখ ছুঁইছুঁই করছে, আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৮ হাজার ২৮৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ৮ হাজারের বেশি।

ইন্ডিয়ার উপরে আছে রাশিয়া। শীর্ষ তিনে থাকা দেশটিতে আক্রান্ত ৫ লাখ ১১ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার। আর সবার উপরে আছে আমেরিকা ও ব্রাজিল। আমেরিকায় আক্রান্ত ২০ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৮ লাখ ৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছেন ৪১ হাজার ৫৮ জন।

এই খারাপ পরিস্থিতির মধ্যে আরও আছে ব্রিটেন, আক্রান্ত ২ লাখ ৯১ হাজারের বেশি; মৃত্যু হয়েছে ৪১ হাজার ২৭৯ জন। স্পেনে আক্রান্ত আক্রান্ত ২ লাখ ৮৯ হাজার ৭৮৭, মৃত্যু ২৭ হাজার ১৩৬ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ৩৬ হাজারের বেশি, মারা গেছে ৩৪ হাজার ১৬৭ জন। এছাড়া পেরুতে আক্রান্ত ২ লাখের বেশি। আর জার্মানি, ইরান, তুরস্ক, ফ্রান্স ও চিলি- এর প্রতিটি দেশে আক্রান্ত দেড় থেকে পৌনে ২ লাখের মধ্যে।

১ লাখ আক্রান্ত পাড় হওয়া দেশগুলোর মধ্যে আরও আছে মেক্সিকো, পাকিস্তান ও সৌদি আরব। আর বাংলাদেশ ও চীনের উপরে থাকা কানাডায় আক্রান্ত ৯৭ হাজার ৫৩০ জন। দেশটির অবস্থান শীর্ষ তালিকার ১৭তম। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading