লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: মানবপাচারকারী আল আমিন রিমান্ডে
উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১৯:৩০
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা ও মানবপাচারের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আল আমিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১২ জুন) ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন খিলগাঁও থানায় মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সাত দিনের রিমান্ডের আবেদন করে আল আমিনকে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত এবং ১২ জন আহত হন। বাংলাদেশি একটি দালালচক্র ইউরোপ নেওয়ার প্রলোভন দেখিয়ে করোনা পরিস্থিতির মধ্যেই তাদের লিবিয়া পাঠায়। ভূমধ্যসাগর পারি দিয়ে তাদের ইতালি নেওয়া কথা ছিল। কিন্তু, লিবিয়াতে পাচারকারী স্থানীয় একটি চক্র তাদের আটকে মারধর করে মুক্তিপণ দাবি করে। এই নিয়ে মানবপাচারকারীদের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষ হয়। এতে একজন পাচারকারীর মৃত্যু হয়। এরপর ক্ষোভে গুলি করে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে হত্যা করে পাচারকারীরা। সূত্র: বাংলাট্রিবিউন।

